• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে ৩২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (২৫ মে) সারা দেশের পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে টাঙ্গাইলে ১৭ জন, কিশোরগঞ্জে একই পরিবারের তিনজন, বগুড়ায় ৪ জন, সিরাজগঞ্জে তিনজন, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাইবান্ধা ও নোয়াখালীতে একজন করে নিহত হয়েছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোরে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া জেলার আরও দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। 

নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তাদের ছয় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের কাস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষা কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের শিশু সন্তান আয়ান (৬)।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বাড়িতে যাচ্ছিল। মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বগুড়া
বগুড়ার চারজন মারা গেছেন। এর মধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও একজন গুরুতর আহত হন। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০)। আহত হয়েছেন—অটোরিকশাচালক শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—আনিছুর রহমান ও তার চার বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগম নিহত আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ৬টার বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও শিশু পুষ্পর নিহত হয়। গুরুতর আহত হন আয়েশা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

মুন্সিগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। সে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে আহত কাভার্ড ভ্যানচালকের নাম নুরুল আলম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার বেলা ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় দুইজন মারা যান। নিহতরা হলেন—পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) ও শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

এ ছাড়া, একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ রাস্তা পারের সময় সিমেন্টবোঝাই ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক এবং ভটভটি আটক করা হয়েছে।

মানিকগঞ্জ
মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নম্বরবিহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী নম্বরবিহীন মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মো. কাউসার আহম্মেদ (১৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি সিংগাইর উপজেলার আঠালিয়া এলাকার মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। এ ঘটনায় অপর আরোহী মো. আরাফাতকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহত কাউসারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমএ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন। এছাড়া, নোয়াখালীতে পোল্ট্রি খাদ্যবোঝাই গাড়ি উল্টে রহিম উল্লাহ (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ