ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন তারেক রহমান। ঈদের নামাজ শেষে তিনি শেরেবাংলা নগরে যান এবং সেখানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন এবং পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত ওই জামাতে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং পরে দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা, অজু ও চিকিৎসা সুবিধাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লি ছিলেন।
আপনার মতামত লিখুন :