আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট আবেদন করেন।
বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে হাসপাতালটির পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, রিটের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, এটি সম্পূর্ণভাবে রিটকারীর ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে।
রিট আবেদনে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের 'মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স' আইনটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে।
আইনজীবী ইউনূছ আলী আকন্দের দাবি, এই আইনের ওপর ভিত্তি করেই সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে।
এর আগে গত ২৭ মে, অর্থাৎ ঈদের আগের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে, যাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ মেলে। তদন্তে দেখা যায়, ওয়ার্ডে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না রাখা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়াই ছিল শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ।
এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কৈফিয়ত বা ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায়, গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে।
তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।
আপনার মতামত লিখুন :