প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
মোস্তাফিজের দলের মালিকানা কিনলেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহাম ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে বার্মিংহাম ফিনিক্সের ১.২ শতাংশ শেয়ার কিনলেন। আর এই দলের হয়েই প্রথমবার খেলবেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২০২৬ আসরের নিলামে বাংলাদেশি পেসারকে ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিক মার্কিন বিনিয়োগকারী সংস্থা 'নাইটহেড ক্যাপিটাল' গত বছর এই ফ্র্যাঞ্চাইজিটির ৪৯% শেয়ার কিনে ওয়ারউইকশায়ারের সঙ্গে যৌথ মালিকানায় আসে। মঙ্গলবার 'দ্য ক্রিকেটার' জানিয়েছে, বার্মিংহামে বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বেলিংহাম উভয় পক্ষের কাছ থেকেই শেয়ারের একটি অংশ কিনেছেন।
ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে বার্মিংহাম ফিনিক্সের ১.২% শেয়ার একজন ‘বিনিয়োগকারীর’ কাছে বিক্রি করা হয়েছে। এর মধ্যে ০.৬% শেয়ার ছিল ক্লাবের হাতে। বেলিংহামের এই বিনিয়োগের ফলে এখন ফ্র্যাঞ্চাইজিটিতে ওয়ারউইকশায়ারের মালিকানা ৫০.৪% এবং নাইটহেড ক্যাপিটালের মালিকানা ৪৮.৪%। বেলিংহামের এই শেয়ারের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১০ লক্ষ পাউন্ড।
বার্মিংহাম সিটি ক্লাবের একাডেমী থেকেই উত্থান বেলিংহামের। মাত্র ৮ বছর বয়সে তিনি সেখানে যোগ দেন এবং ১৬ বছর বয়সে ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রথম একাদশের খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। মাত্র এক মৌসুম মূল দলে খেলেই প্রায় ২২.৭৫ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান এবং পরবর্তীতে ২০২৩ সালে প্রায় ৮৮ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
দ্য হানড্রেড নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুই খেলোয়াড় ছিলেন। অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ান ওয়ানে থাকা এই ক্রিকেটার দল পাননি। ৩০ বছর বয়সী মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বেলিংহামের বার্মিংহাম।
বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সঙ্গে। আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪