প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের গুরুতর আহত যোদ্ধাদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান প্রতিটি আহত যোদ্ধার শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিশেষ অনুরোধ জানান। এ সময় তিনি আহত যোদ্ধাদের ধৈর্য ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
সাক্ষাৎকালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেন। তারা বিশেষ করে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডা. শফিকুর রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের আত্মত্যাগের মূল্যায়ন প্রত্যাশা করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান তার এই সফরের আগে জাপান সফর শেষ করেছেন। জুলাই বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসার বিষয়টি শুরু থেকেই তিনি গুরুত্বের সাথে তদারকি করছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24