প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
বিশ্বকাপে খেলেছেন যে বাবা-ছেলেরা

শতবর্ষ ছুঁই ছুঁই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত ২৭ জোড়া বাবা-ছেলে দেখা গেছে, যারা খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন। এই তালিকায় বিশ্বখ্যাত সব নাম রয়েছে। এদের মধ্যে কেউ জন্মেছেন এক দেশে, বড় হয়েছেন আরেক দেশে, খেলেছেন অন্য দেশে।
ইতালির সিজার মালদিনি ও পাওলো মালদিনি, ফ্রান্সের জঁ ও ইউরি জর্কায়েফ, উরুগুয়ের পাবলো ও ডিয়েগো ফোরলান, স্পেনের মিগুয়েল আনহেল ও জাবি আলোনসো, ব্রাজিলের মাজিনহো ও থিয়াগো (থিয়াগো স্পেনের হয়ে খেলেন), ডেনমার্কের গোলরক্ষক জুটি পিটার ও ক্যাসপার স্মাইকেল, যুক্তরাষ্ট্রের ক্লাউডিও ও জিওভান্নি রেইনা আছেন বিশ্বকাপে অংশ নেওয়া বাবা-ছেলে জুটির তালিকায়।
তালিকায় আরও রয়েছেন, চা-বুম কুন ও চা-দু রি, মিগুয়েল রেইনা ও পেপে রেইনা, লোদজিমিয়ের্জ স্মলারেক ও এবি স্মলারেক এবং ফ্রান্সের লিলিয়ান ও মার্কাস থুরাম।
আরেকটি মজার তথ্য হলো, হোসে ভান্তোলরাকে নিয়ে। ১৯৭০ বিশ্বকাপে তিনি মেক্সিকোর হয়ে মাঠে নেমেছিলেন, অথচ তার বাবা মার্তি ভান্তোলরা ১৯৩০ বিশ্বকাপে খেলেছিলেন স্পেনের হয়ে।
বাবা-ছেলের এই তালিকায় সাফল্যের বিচারে অনন্য হয়ে আছেন ফরাসি তারকা লিলিয়ান ও মার্কাস থুরাম। এই জুটির উভয়েই বিশ্বকাপের পদক জয়ের স্বাদ পেয়েছেন। বাবা লিলিয়ান ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে জিতেছিলেন সোনালি ট্রফি (স্বর্ণপদক), আর ছেলে মার্কাস থুরাম ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছেন সিলভার মেডেল বা রৌপ্যপদক।
বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম বাবা-ছেলে হলেন মেক্সিকোর লুইস ও মারিও পেরেজ। লুইস খেলেছিলেন ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে। আর ছেলে মারিও খেলেছিলেন ১৯৫০ সালের আসরে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24