প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
সৌদি আরবে হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে

চলতি বছরে সৌদি আরবে হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে হজের অফিসিয়াল বুলেটিনে জানানো হয়েছে। হজের তথ্যকেন্দ্র আজ এই তথ্য জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হলেও জেদ্দা, মিনা,বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) হজ আইটি হেল্পডেস্কের প্রকাশিত ৩০তম বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (১৭ মে) রাত পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই বুলেটিনটি তৈরি করা হয়েছে।
বুলেটিনে বলা হয়, সৌদি আরবে পৌঁছানো ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।
এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ১৭ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী। মারা যাওয়া এই হজযাত্রীদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জন রয়েছেন।
এছাড়া, হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ১৭ হাজার ৯৮৮টি সেবা দেওয়া হয়েছে।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির মাধ্যমে এবার হজযাত্রীরা সৌদি আরব যাচ্ছেন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়, যা শেষ হবে ২১ মে। এবার সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24