প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামীকাল শনিবার (২৩ মে) একদিনের সফরে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই দশক পর ত্রিশালে জাতীয় পর্যায়ে এমন আয়োজনকে ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে প্রস্তুত ময়মনসিংহবাসী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ টানানো হয়েছে। সাজসজ্জার মাধ্যমে নতুন রূপ পেয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগা বাড়ি এবং এর আশপাশের এলাকা।
প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত সুধী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরবর্তীতে দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় তিনি সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24