প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে বলে সিনহুয়াকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চমন ফটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি সহায়তাকারী ট্রেন পাঠানো হয়েছে। এপিপির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগি উল্টে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং শুরু করে উদ্ধার অভিযান।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। তিনি এটিকে একটি 'কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে আখ্যায়িত করে বলেন, এমন হামলা জঙ্গিবাদের বিরুদ্ধে জাতির সংকল্পকে বিন্দুমাত্র দুর্বল করতে পারবে না। এক বিবৃতিতে তিনি সরাসরি অভিযোগ করেন, ভারত ও আফগানিস্তান থেকে পরিচালিত পাকিস্তানবিরোধী শক্তিগুলোই দেশকে অস্থিতিশীল করতে এমন সন্ত্রাসবাদে মদত দিচ্ছে।
সন্ত্রাসীদের 'মানবতার শত্রু' হিসেবে উল্লেখ করে রেলমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, তাদের এই ঘৃণ্য পরিকল্পনার জন্য 'লজ্জাজনক পরিণতি' ভোগ করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই ঘটনার একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, শত্রুপক্ষীয় শক্তিগুলোর এমন নাশকতামূলক কর্মকাণ্ড ও ভীতি ছড়ানোর চেষ্টা সত্ত্বেও পাকিস্তান রেলওয়ের স্বাভাবিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। সূত্র: সিনহুয়া, ডন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24