প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2026 ইং
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

বিশ্বকাপের প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে অপ্রত্যাশিত ঝামেলায় পড়েছেন সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। নেদারল্যান্ডসের আমস্টারডামে তার ব্যক্তিগত গাড়ি থেকে চুরি হয়ে গেছে পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র।
এই ঘটনায় জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি হচ্ছে আব্দুলহামিদের। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি এরাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।
বিশ্বকাপ সামনে রেখে বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দলের নতুন কোচ জর্জিওস দোনিস এরই মধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেই দলে আছেন আবদুলহামিদও। কিন্তু দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই অদ্ভুত এক বিপত্তিতে পড়েছেন এই ডিফেন্ডার।
পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য আমস্টারডামে ছিলেন আবদুলহামিদ। সেখানেই তার ব্যক্তিগত গাড়িতে চুরি হয়। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রিয়াদে ফিরতে পারেননি তিনি।
এসএএফএফ বিবৃতিতে বলেছে, “আব্দুলহামিদ আজ নির্ধারিত সময় অনুযায়ী রিয়াদে ফিরতে পারেননি। আমস্টারডামে তার ব্যক্তিগত গাড়িতে চুরির ঘটনা ঘটেছে। যেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। এ ঘটনায় তার পাসপোর্টসহ কয়েকটি ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে গেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “সৌদি আরব ফুটবল ফেডারেশন বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসের সহায়তায় প্রয়োজনীয় ভ্রমণ নথি প্রস্তুতের কাজ চলছে, যাতে দ্রুত জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন আব্দুলহামিদ।”
বর্তমানে ফরাসি ক্লাব আরসি লেন্সে ধারে খেলছেন আবদুলহামিদ। তার মূল ক্লাব ইতালির এএস রোমা। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে সৌদি দল। নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন ক্যাম্প করবে তারা। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে মধ্যপ্রাচ্যের দলটি।
আসন্ন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলবে সৌদি আরব। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24