প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2026 ইং
ট্রাম্পের কথায় ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দেবে না পাকিস্তান!

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি 'আব্রাহাম অ্যাকর্ডস'-এ যুক্ত হওয়া পাকিস্তানের পক্ষে সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না আমাদের এমন কোনো চুক্তিতে যুক্ত হওয়া উচিত, যা আমাদের মৌলিক মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’
এ বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং এটি তাদের কাছে কোনোভাবেই 'গ্রহণযোগ্য নয়' বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে প্রকাশ্যে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নেতাদের এই চুক্তিতে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন।
ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি যেন সব দেশ অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে।’ পাশাপাশি তিনি এও জানান যে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসে, তবে তাদেরও এই 'অতুলনীয় বিশ্ব জোটে' অংশ নেওয়াটা সম্মানের হবে।
সব দেশ এই চুক্তিতে যুক্ত হলে মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ, ক্ষমতাধর এবং অর্থনৈতিকভাবে এতটা মজবুত হবে, যা বিশ্বের অন্য কোনো অঞ্চলের ক্ষেত্রে হয়তো দেখা যায়নি বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: আলজাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24