প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 28, 2026 ইং
সাকিবের রেকর্ডে অ্যান্ডারসন

প্রথমে ওপেনিংয়ে নেমে খেললেন ঝড়ো ৫৭ রানের ইনিংস। পরে বল হাতে নিলেন ৬টি উইকেট। এর সঙ্গে নিলেন ২টি ক্যাচও। সব মিলিয়ে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে দারুণ এক কীর্তিতে নাম তুললেন মার্টিন অ্যান্ডারসন।
ভাইটালিটি ব্লাস্টে বুধবার রাতে ডার্বিশায়ারকে একা হাতেই জিতিয়ে দেন অ্যান্ডারসন। লেস্টারশায়ারের বিপক্ষে ব্যাট হাতে ২৯ বলে ৫৭ রানের পর বোলিংয়ে ২৩ রানে ৬ উইকেট নেন ২৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে একই ম্যাচে ফিফটি ও ৬ উইকেট নেওয়া বিশ্বের মাত্র ষষ্ঠ ক্রিকেটার অ্যান্ডারসন। তার আগে এই কীর্তি গড়া ৫ জন হলেন- অ্যান্ড্রু হল (২০০৮), সাকিব আল হাসান (২০১৩), রবি বোপারা (২০১৬), জেজে স্মাট (২০২২) ও ভেঙ্কটেশ আইয়ার (২০২২)।
২০০৮ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপেই প্রথম ৬৬ রানের অপরাজিত ইনিংসের পর বল হাতে ২১ রানে ৬ উইকেট নিয়েছিলেন হল।
পাঁচ বছর পর এই তালিকায় নাম তোলেন সাকিব। ২০১৩ সালের বিজয় দিবস কাপ টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলার পর বল হাতে মাত্র ১৮ রানে ৬ উইকেট নেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
এরপর ২০১৬ সালের পিএসএলে রবি বোপারা, ২০২২ সালের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ভেঙ্কটেশ আইয়ার ফিফটি ও ৬ উইকেট নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার জেজে স্মাট।
২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট নেন জেজে স্মাট। মার্টিন অ্যান্ডারসনের মতো স্মাটও সেদিন ফিফটি ও ৬ উইকেটের সঙ্গে ২টি ক্যাচ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24