প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বাসচাপায় বাবা-মায়ের মৃত্যুর পর গুরুতর আহত কলেজছাত্রী মেয়েটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা গ্রামের মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫), তাদের মেয়ে কলেজছাত্রী তামান্না খাতুন (১৬) এবং অটোভ্যান চালক জামতৈল গ্রামের মো. নুরু (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী দ্রুতগতির ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দেয়।
এতে অটোভ্যান চালক নুরু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা খাতুন ও মেয়ে তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বাবা-মা মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তামান্নার মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24