প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
পাকিস্তানের অধিনায়কত্ব পেলেন সাহিবজাদা ফারহান

টি-টোয়েন্টি ক্রিকেটের ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার বড় দায়িত্ব পেলেন সাহিবজাদা ফারহান। সামনের এশিয়ান গেমসে মারকুটে এই ওপেনারের অধিনায়কত্বেই খেলবে পাকিস্তান।
জাপানের আইচি-নাএগোয়ায় আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান। সব মিলিয়ে ভারতের মতো পূর্ণশক্তির না হলেও, বেশ শক্তিশালী দলই ঘোষণা করেছে তারা।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ১ হাজার ৩০৫ রান করেছেন সাহিবজাদা। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯ সেঞ্চুরি ও ৩৪ ফিফটিতে তার সংগ্রহ ৫ হাজার ৩৬৮ রান।
এশিয়ান গেমসে সাহিবজাদার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের হয়ে ৫টি টি-টোয়েন্টি খেলা আব্দুল সামাদ।
স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে শুধু আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদের এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তবে আলি রাজা ছাড়া বাকিরা ওয়ানডেতে খেলেছেন।
জাপানের আইচি-নাগোয়াতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমসের ২০২৬ আসরের সব খেলা। ক্রিকেট ইভেন্টের খেলা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পরে স্বর্ণপদক নির্ধারণী ম্যাচটি ৩ অক্টোবর।
ছেলেদের ক্রিকেট ইভেন্টে অংশ নেবে ১০টি দেশ। শুরুর ৩ দিন চলবে প্রিলিমিনারি কোয়ালিফায়ার পর্ব। পরে ২৮-২৯ সেপ্টেম্বর হবে কোয়ার্টার-ফাইনালের ৪ ম্যাচ। সেমি-ফাইনালের ২ ম্যাচ হবে ১ অক্টোবর।
এশিয়ান গেমসে পাকিস্তান স্কোয়াড
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলি, হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম, উসমান খান (উইকেটকিপার)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪