প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
বাহরাইনকে কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেওয়ার বার্তা দিলো ইরান

ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা বাহরাইনকে সতর্ক করে বলেছেন, কোনো ধরনের উসকানি দেওয়া হলে তেহরান মানামার বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বক্ত্যবে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেন, ‘বাহরাইনকে গুরুতর সতর্কবার্তা দেয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র অঞ্চলটির সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে হামলা চালায়।
তবে উপসাগরীয় দেশগুলো এ অভিযোগ অস্বীকার করেছে। বাহরাইনের রাজধানী মানামা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সুযোগকে ক্ষুণ্ন করেছে।
এছাড়া রোববার (২৮ জুন) এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সর্বশেষ ইরানের হামলা প্রমাণ করে যে ইরানের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিক হামলার অংশ।’
বিবৃতিতে মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলা হয়, ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, চলমান আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের অব্যাহত অবজ্ঞার জবাবে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক সম্পর্ক থাকার অভিযোগে শিয়া সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দেশ বাহরাইনে বেশ কিছু নাগরিককে গ্রেফতার করেছে। তথ্যসূত্র: আল জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24