প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
ভারতের সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধ করতে পাকিস্তান প্রস্তুত: বিলাওয়াল ভুট্টো

সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতের বিষয়ে ভারতের অনড় অবস্থানের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
সোমবার (৬ জুলাই) পাকিস্তানে আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে ভারতের বিরুদ্ধে নদীর পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগ আনেন তিনি।
বিলাওয়াল বলেন, পাকিস্তান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং সিন্ধু নদের পানির অধিকারের প্রশ্নে তারা কখনোই কোনো আপস করবে না। এটি আমাদের বিরুদ্ধে ভারতের নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের একটি সুকৌশল চেষ্টা।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করবে, ততক্ষণ সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে।
দিল্লির এই সিদ্ধান্তের জের ধরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে পানিবণ্টন নিয়ে নতুন করে এই তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, কাশ্মীরের পাহালগাম হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তিটি স্থগিত রেখেছে ভারত। সূত্র: ফার্স্টপোস্ট
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24