প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
অবসরের ঘোষণা মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে ৪১ বছর বয়সী এই তারকা নিজের অবসরের ঘোষণা দেন। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার আগে তিনি জাতীয় দলের হয়ে ইতিহাস গড়ে টানা ছয়টি বিশ্বকাপে অংশ নেন।
২০২৬ বিশ্বকাপে নিজের ঐতিহাসিক উপস্থিতির পরই ওচোয়া সিদ্ধান্ত নেন, এবার মাঠকে বিদায় জানানোর সময় এসেছে। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।
অবসরের ঘোষণা দিয়ে ওচোয়া তার পরিবার, সতীর্থ, কোচ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্তার শুরুতেই তিনি লেখেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি। ক্লাব এবং জাতীয় দলের জন্য মাঠে নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। আজ আমি আমার গোলকিপিং গ্লাভস তুলে রাখছি।’
এরপর তিনি নিজের দীর্ঘ ফুটবলযাত্রার স্মৃতিচারণ করে বলেন, ‘আমি কখনও কল্পনাও করিনি, একটি স্বপ্ন আমাকে এত দূর নিয়ে যাবে। আজ আমি গর্বের সঙ্গে পেছনে তাকিয়ে শুধু বলতে চাই; ধন্যবাদ। আমার পরিবারকে ধন্যবাদ, আমার সতীর্থদের ধন্যবাদ এবং প্রতিটি সমর্থককে ধন্যবাদ, যারা প্রতিটি মুহূর্তে আমার পাশে ছিলেন। লাখো মানুষের ভালোবাসা এবং মেক্সিকোর জন্য সর্বস্ব উজাড় করে দেয়ার শান্তি নিয়েই আমি বিদায় নিচ্ছি।’
দুই দশকেরও বেশি সময় ধরে মেক্সিকোর জার্সি গায়ে খেলেছেন ওচোয়া। বিদায়বার্তায় জাতীয় দলের প্রতি নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিবার মেক্সিকোর জার্সি পরার সময় আমি কোটি মানুষের স্বপ্ন নিজের হাতে তুলে নিতাম। যারা স্টেডিয়ামে যেতে পারেননি, কিন্তু টেলিভিশনের সামনে পরিবারকে জড়িয়ে ধরে ম্যাচ দেখেছেন; যারা ‘‘সিয়েলিতো লিন্দো’’ গেয়ে গলা ভেঙেছেন; আর যারা পেনাল্টির আগে নীরবে প্রার্থনা করেছেন; সবার স্বপ্নই আমি বহন করেছি।’
বিদায়বার্তার শেষ অংশে নিজের উত্তরসূরির জন্য অনুপ্রেরণামূলক বার্তা রেখে গেছেন ওচোয়া, ‘প্রথমবারের মতো এই গ্লাভস খুলে অন্য কারও হাতে তুলে দেয়ার সময় এসেছে। যে-ই আমার পরে আসবে, তাকে শুধু একটি কথাই বলব; নিজের ওপর বিশ্বাস রাখো। গোলপোস্ট কখনও নিখুঁত হওয়ার দাবি করে না, এটি শুধু গর্ব আর দায়িত্ববোধের দাবি করে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24