প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

রাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাতে একথা জানান, সংগঠনটির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদ।
৫ দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছিল সমিতি।
ঘটনার বিষয়টি জেনে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় তাদের নিয়ে ন্যাম ভবনে রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠকে বসেন অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময়ে শিমুল বিশ্বাস বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৫ দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকে আলোচনা ফলপ্রসূ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেন সমিতির নেতৃবৃন্দ।’
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আগামী ৩০ দিনের মধ্যে সমিতির উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ফুয়াদ বলেন, জনদুর্ভোগ এড়াতে সরকারের ওপর আস্থা রেখে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের গাড়ি চালু রাখার অনুরোধ জানান তিনি।
এর আগে, বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, পার্কিং সুবিধা, অ্যাম্বুলেন্স টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবিতে ধর্মঘটের ডাক দেয়, অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24