প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 3, 2026 ইং
আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া দুর্ভাগ্যজনক: আইপিএল চেয়ারম্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন।
বিসিসিআইয়ের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে আসর শুরুর আগেই মুস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি।
সাক্ষাৎকারে অরুণ ধুমল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।’
উল্লেখ্য, মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তাকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়, যার ফলে বাংলাদেশ সেই বিশ্বকাপে আর অংশগ্রহণ করেনি। বর্তমানে মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬.৪৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল লাহোর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24