প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিতে চান সাফজয়ী অধিনায়ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজেতা বাংলাদেশ দলকে রাজসিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে সরকার। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে নিজেদের বিশেষ ইচ্ছার কথা জানান অধিনায়ক মিঠু চৌধুরী।
টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের স্বীকৃতি স্বরূপ দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের পাশাপাশি প্রত্যেককে একটি করে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন প্রতিমন্ত্রী।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধিনায়ক মিঠু চৌধুরী এই বিজয়কে নতুন বাংলাদেশের ফুটবলের এক নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন, 'নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের সকল খেলোয়াড়ের একটা বড় ইচ্ছা আছে আমরা এই ট্রফিটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আমরা উনার সাথে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।'
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রশংসা করে তিনি বলেন, 'তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। এমনকি জাতীয় দলের সাথে আমাদেরকেও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনতে পারব।'
উল্লেখ্য, মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জয় করে বাংলাদেশ। দেশে ফেরার পর থেকেই এই তরুণ ফুটবলারদের নিয়ে চলছে দেশজুড়ে উদযাপন। আজ আনুষ্ঠানিকভাবে আর্থিক পুরস্কার হস্তান্তরের মাধ্যমে তাদের এই সাফল্যকে আরও এক ধাপ সম্মানিত করল ক্রীড়া মন্ত্রণালয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24