প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
সরকারের অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে দ্রুতই : রিজভী

সরকারের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, অত্যন্ত কর্মতৎপর। সরকারের অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে দ্রুতই।
তিনি বলেন, ‘অন্তবর্তী সরকারের সময় মারাত্মক অবহেলিত ছিল স্বাস্থ্যখাত।’
রিজভী বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থা, সরকার, পার্লামেন্ট ও সংবিধান- মানুষের প্রত্যাশা তৈরি করেছে যে যেকোনো মহামারি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা হবে। কিন্তু করোনাকালে অক্সিজেনের অভাবসহ নানা সঙ্কটে বহু প্রাণহানি ঘটেছে এবং ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নীতির ঘটনাও সামনে এসেছে।
গত ১২-১৩ মার্চ থেকে এপ্রিলের মধ্যে হাম রোগে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নোয়াখালী ও ময়মনসিংহ অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করে তিনি এ পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে মোকাবেলার আহ্বান জানান।
বিশেষ করে শিশু মৃত্যুর বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু জাতিকে ব্যথিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি একটি নির্বাচিত ও কর্মতৎপর সরকার- জনগণ যেন তা দৃশ্যমানভাবে উপলব্ধি করতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, কুসংস্কার ও টিকাবিরোধী অপপ্রচারের পাশাপাশি অবহেলার কারণেই হাম নির্মূল সম্ভব হয়নি।
গবেষণা খাতে অপর্যাপ্ত বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গবেষণায় আরো বিনিয়োগ প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, হাম পরিস্থিতির কারণে অনেক কর্মসূচি বাতিল করা হলেও এটি যথাযথ সিদ্ধান্ত।
তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসক সমাজ দেশপ্রেম ও মানবকল্যাণে দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ স্লোগানে এবারে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। র্যালিটি জাতীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24