প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি সংসদে

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় (বিএনপি) সংসদ সদস্য মুজিবুর রহমান।
বুধবার (৮ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আলোচনাকালে সংসদ সদস্য মুজিবুর রহমান তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর-১ আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে বলে উল্লেখ করে তিনি। সংসদ সদস্য জানান, নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আসনটি উপহার পেলে এবং দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি ভাওয়াল মাঠের জনসভায় উপস্থিত থাকবেন। বর্তমানে সেখানকার জনগণ প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুত আগমনের অপেক্ষায় রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে নির্যাতিত-নিপীড়িত এক বিপ্লবের নাম হিসেবে আখ্যায়িত করেন এবং তার যুগশ্রেষ্ঠ সবার আগে বাংলাদেশ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত বলে মন্তব্য করেন।
মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবির পেছনের প্রেক্ষাপট তুলে ধরে মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান দীর্ঘ নয় মাস পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাদের এই অপরিসীম আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেই তিনি আবেগাপ্লুত হয়ে খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত সহোদরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪