প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
মাইন বিস্ফোরণ থেকে বাঁচতে হরমুজে বিকল্প রুট ঘোষণা ইরানের

সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইনের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক, তাদের অবশ্যই আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট মেনে চলতে হবে। মূলত সমুদ্রে মাইন বিস্ফোরণের সম্ভাব্য বিপদ এড়াতেই এমন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঘোষিত নতুন এই নির্দেশনা অনুযায়ী, প্রণালীতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ নির্ধারণ করা হয়েছে। পারস্য উপসাগরে প্রবেশের ক্ষেত্রে জাহাজগুলোকে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক ব্যবহার করতে হবে। অন্যদিকে, বহির্গমনের ক্ষেত্রে পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: রয়া নিউজ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪