প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
হাদি হত্যা: অস্ত্র মামলায় ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন অস্ত্র আইনের একটি মামলায় এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব-২ ফয়সাল করিমকে আটক করে। সে সময় তার হেফাজত থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন আদাবর থানায় র্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচারিক কার্যক্রমে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফয়সাল করিম ওই এলাকার একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, যিনি দীর্ঘদিন ধরে জমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ফয়সাল করিম গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এই মামলায় জামিনে ছিলেন। তবে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। আদালত সমস্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করে আজ তাকে এই সাজা প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪