প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুদিন পর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ২০ এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের পর ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে গড়াবে চট্টগ্রামে। সেখানে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির পর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে আবার ঢাকায় ফিরবে দুদল।
আসন্ন এ সিরিজের ম্যাচগুলো মাঠে বসে দেখলে চাইলে দর্শকদের খরচ করতে হবে অন্তত ২০০ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে আজ টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে। সেই মূল্য তালিকা অনুসারে, সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা গেলেও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে চাইলে খরচ করতে হবে ২৫০০ টাকা।
বিসিবি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকেই থেকেই নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। টিকিট কেনার জন্য ওয়েবসাইটিও (www.gobcbticket.com.bd) উল্লেখ করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ওয়েবসাইটে মোবাইল নম্বর ও আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা টিকিট কিনতে পারবেন আগ্রহীরা।
মিরপুরে সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। আর নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা ধরা হয়েছে। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থে (শহীদ জুয়েল স্ট্যান্ড) বসে খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ৬০০ টাকা করে।
আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), আন্তর্জাতিক গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) ও আন্তর্জাতিক লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লক) টিকিটের নির্ধারিত মূল্য ১৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর কিংবা নিচ থেকে খেলা দেখতে চাইলে দর্শককে গুনতে হবে ২৫০০ টাকা।
মিরপুরের মতো চট্টগ্রামের টিকিটের মূল্য ২০০ থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত রেখেছে বিসিবি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪