প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে: লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম রোববার বলেন, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করা এবং লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করতে তিনি কাজ করছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পর নাওয়াফ সালাম এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার দেওয়া এক বক্তব্যে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ বন্ধ করা, আমাদের সব ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করা, সব বন্দীর মুক্তি, ধ্বংস হয়ে যাওয়া গ্রাম ও শহর পুনর্গঠন এবং বাস্তুচ্যুতদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাব।’
লেবাননের ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধ শুরুর বার্ষিকীর প্রাক্কালে দেওয়া এই ভাষণে তিনি আরও বলেন, ‘যুদ্ধ বন্ধে আমরা আলোচনার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24