প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
গণভোটের রায় অস্বীকার করে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

গণভোটের রায় অস্বীকার করে দেশকে কৃত্রিম সংকটের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি নিজেদের ইশতেহার থেকেও সরে এসেছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির এমন অবস্থানের কারণে জাতিকে দুর্যোগের দিকে ঠেলে দেওয়ার দায় বিএনপিকেই নিতে হবে।
নাহিদ ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির পরিণতি বিএনপির জন্য ভালো হবে না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এমন একটি নতুন বন্দোবস্ত, যাতে স্বৈরাচার বারবার ফিরে আসতে না পারে। কিন্তু গণভোটের পরবর্তী সময়ে সেই গণরায়কে অস্বীকার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, বিএনপি এখন একটি কৃত্রিম সংকট তৈরি করছে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বললেও জুলাই আদেশকে অবৈধ বলছে। অথচ ওই জুলাই আদেশের ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪