• ঢাকা
  • |
Alifhostbd

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সিলেটে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল শান্ত-লিটনরা।

২-০ ব্যবধানের এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

বাংলাদেশের সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকও। অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন: ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের এই দুর্দান্ত জয় আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জিতে আমাদের বাঘেরা প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন যেকোনো দলের জন্য এক বড় শক্তির নাম। নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জেতার রেকর্ড এবারই প্রথম, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের।‘

প্রতিমন্ত্রী ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশের জন্য আরও বড় বড় গৌরব ও সম্মান বয়ে আনবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ