ব্রাজিলের দারুণ এক রেকর্ডও কেড়ে নিল জার্মানি
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
এক ম্যাচে ব্রাজিলকে যেন দ্বিমুখী দংশন করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে হিউস্টনের মাঠে ফিরে এল সেলেসাওদের সেই দুঃসহ ‘৭-১’ স্মৃতির ছায়া। সেই সঙ্গে ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ‘গোলমেশিন’ হিসেবে এককভাবে সিংহাসন দখল করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচে হিউস্টন স্টেডিয়ামে আজ কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল জার্মানি। এই ম্যাচে সাত গোল করে জার্মানি পৌঁছে গেছে সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকার শীর্ষে। মোট ২৩৯ গোল নিয়ে তারা ছাড়িয়ে গেছে ব্রাজিলের ২৩৮ গোলকে।
জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা এদিন ছিল অপ্রতিরোধ্য। জার্মানির হয়ে গোল পেয়েছেন ফেলিক্স এনমেচা, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, টম বিশফ ব্রাউন এবং ডেনিজ উন্দাভ আর কাই হাভার্টজ করেছেন জোড়া গোল। বিপরীতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আস কুরাসাওয়ের হয়ে একমাত্র গোল করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন জার্ল মার্গারিথা কোমেনেনসিয়া।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে ব্রাজিল তাদের শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে পড়েছিল। মরক্কোর বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে দিলেও, ইসমাইল সাইবারির গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। ফলে বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে রাজত্ব করছে জার্মানি।
বিশ্বকাপের গোলমেশিন: ব্রাজিল বনাম জার্মানি লড়াই
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দীর্ঘ সময় ধরে রাজত্ব করছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পেলের জাদুকরী পা থেকে শুরু করে নেইমারের আধুনিক আক্রমণভাগ—দশকের পর দশক ধরে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ব্রাজিল পৌঁছে ২৩৭ গোলের মাইলফলকে। তবে তাদের খুব কাছেই নিঃশ্বাস ফেলছিল জার্মানি। ২৩২ গোল নিয়ে জার্মানি একমাত্র দেশ যারা ব্রাজিলের পাশাপাশি ২০০ গোলের কোটা অতিক্রম করে।
মূলত জার্মানির রক্ষণশীল অথচ কার্যকর ফুটবল দর্শন এবং টুর্নামেন্টের প্রতিটি আসরে তাদের ধারাবাহিক গভীরতা এই অবস্থানে নিয়ে এসেছে। গার্ড মুলার, মিরোস্লাভ ক্লোসা থেকে শুরু করে থমাস মুলারের মতো কিংবদন্তিদের নৈপুণ্যেই জার্মানি আজ এই রেকর্ডের মালিক। তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা, যারা দিয়েগো ম্যারাডোনা, বাতিস্তুতা ও লিওনেল মেসির মতো তারকাদের হাত ধরে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
আপনার মতামত লিখুন :