চমক রেখেই মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
নতুন কোচ, নতুন ভাবনা- তবু দলে আছেন পুরোনো নির্ভরতার নামগুলোও। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় দুটি সিদ্ধান্ত- চোট কাটিয়ে না উঠলেও দলে রাখা হয়েছে ডিফেন্ডার নায়েফ অগার্ডকে। আর বাদ পড়েছেন ২০২২ বিশ্বকাপে দলের সাফল্যের অন্যতম নায়ক ইউসুফ এন-নেসরি।
গত মার্চে ওয়ালিদ রেগ্রাগুইয়ের কাছ থেকে মরক্কোর দায়িত্ব বুঝে নেন নতুন কোচ মোহাম্মদ ওহাবি। গত ২০২২ কাতার বিশ্বকাপে ওয়ালিদের কোচিংয়েই ইতিহাস গড়ে সেমি-ফাইনালে উঠেছিল মরক্কো। তার কাছ থেকে দায়িত্ব নিয়েই দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন ওয়াহবি।
তবে অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন নতুন কোচ। অধিনায়ক আশরাফ হাকিমি, নুসাইর মাজ্রাউই ও সুফিয়ান আম্রাবাতদের রাখা হয়েছে স্কোয়াডে। নতুন মুখের মধ্যে সবচেয়ে আলোচিত আইয়ুব বোয়াদ্দি। ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলা এই মিডফিল্ডার এবার মরক্কোর হয়ে খেলবেন।
চোটের কারণে মার্চের শুরু থেকে মাঠের বাইরে থাকা নায়েফ অগার্ড এখনও পুরোপুরি ফিট নন। তবু তাকে দলে রেখেছেন ওয়াহবি। বিশ্বকাপের আগে তার ফিটনেস প্রমাণের সুযোগ থাকবে বলেও জানিয়েছেন কোচিং স্টাফ।
অন্যদিকে বড় চমক ইউসুফ এন-নেসরির বাদ পড়া। ২০২২ বিশ্বকাপে মরক্কোর রূপকথার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফরোয়ার্ডের। চলতি বছরের আফ্রিকা কাপ অব নেশনসেও তিনি ছিলেন দলে। কিন্তু এবার জায়গা হয়নি তার।
গোলকিপিংয়েও আছে চমক। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আহমেদ তাগনাউতি। রয়্যাল আর্মড ফোর্সেসকে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে ভূমিকা রাখার পুরস্কারই এই ডাক। তবে বিশ্বকাপে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে থাকছেন ইয়াসিন বনু।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে মরক্কো। ১৩ জুন নিউ জার্সিতে তাদের প্রথম ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। পরে ১৯ জুন বোস্টনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচ ২৪ জুন মিয়ামিতে হাইতির বিপক্ষে।
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার- ইয়াসিন বনু, মুনির মোহামেদি, আহমেদ তাগনাউতি
ডিফেন্ডার- নুসাইর মাজ্রাউই, আনাস সালাহ-ইদ্দিন, ইউসুফ বেলাম্মারি, নাইয়েফ অগার্ড, চাদি রিয়াদ, ইসা দিওপ, রেদোয়ান হালহাল, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি
মিডফিল্ডার- সামির এল মোরাবেত, আইয়ুব বোয়াদ্দি, নেইল এল আইনাউই, সুফিয়া আম্রাবাত, আজেদিন ওয়ুনাহি, বিলাল এল খান্নাস, ইসমাইন সাইবারি
ফরোয়ার্ড- আব্দুসসামাদ ইজালজুলি, চেমসডিন তালবি, সুফিয়ান রহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন জেসিম, আইয়ুব আমাইমৌনি
আপনার মতামত লিখুন :