• ঢাকা
  • |
Alifhostbd

দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে মৃদু তাপপ্রবাহ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আজ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তিও আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে দেশের দুই অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবারও (১ জুন) কমছে না গরমের তীব্রতা, অপরিবর্তিত থাকতে পারে ঢাকার তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ