• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিচারকাজ সমাপ্ত হয়েছে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়। এদিন আসামিপক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আমির হোসেন। পরে তার যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালে এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মামলার অভিযুক্ত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। গণঅভ্যুত্থান চলাকালে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

গত বছরের ৫ অক্টোবর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর তা আমলে নেওয়া হয়। পরবর্তীতে ২ নভেম্বর পলাতক চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়।

এরপর গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ১১ মে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। গত ৭ জুন হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়। সবশেষ ১০ জুন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ও প্রসিকিউশনের খণ্ডন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মামলাটি এখন চূড়ান্ত রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ