• ঢাকা
  • |
Alifhostbd

সাগর–রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে।

আজ বৃহস্পতিবার আদালতে এই প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তা জমা পড়েনি। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছানো হলো।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ প্রতিবেদন জমা দিতে পারেনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রতিবেদন জমা না পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবেদন না আসায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শুরুতে শেরেবাংলা নগর থানা-পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। পরবর্তীতে তদন্তের ভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এরপর দীর্ঘ সময় মামলাটির তদন্তের দায়িত্বে ছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঘটনার এক যুগ পর এই মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয় এবং গত বছরের নভেম্বরে র‍্যাবের কাছ থেকে নথিপত্র বুঝে নেওয়ার মাধ্যমে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ