• ঢাকা
  • |
Alifhostbd

১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আইভরি কোস্টের বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল জার্মানি। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে ডেনিজ উনদাভকে নামালেন জুলিয়ান নাগেলসম্যান। কোচের আস্থার প্রতিদান দিয়ে বদলি নেমে জোড়া গোল করে জার্মানির জয়ের নায়ক বনে গেলেন এই ফরোয়ার্ড।

শনিবার বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হওয়া ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। এই জয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

‘ই’ গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে জার্মানি। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আইভরি কোস্ট। কোন ম্যাচ না জেতা ইকুয়েডর এবং কুরাসাও যথাক্রমে তিন ও চার নম্বরে।

ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল জার্মানি। তাদের নেওয়া ১৬টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। আইভরি কোস্টের দখলে ছিল ৪১ শতাংশ বল পজেশন। তাদের নেওয়া ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ২টি।

টরোন্টো স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে জার্মানি। জোশুয়া কিমিচের বাড়ানো চমৎকার ক্রস থেকে বল পেয়ে দারুণ এক শট নেন কাই হাভার্টজ। আর্সেনালের এই ফরোয়ার্ডের শট আইভরি কোস্টের গোলকিপার ইয়াহিয়া ফোফানা চমৎকার ডাইভ দিয়ে রুখে দেন।

ম্যাচের ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন জামাল মুসিয়ালা। তবে তাঁর নেওয়া শটটি পোস্ট ঘেষে বেরিয়ে যায়।

২২ মিনিটে আইভরি কোস্টের জালে বল জড়িয়ে দেন আলেকসান্ডার পাভলোভিচ। তবে রেফারির বাঁশিতে সেই আনন্দ স্থায়ী হয়নি। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেড নেন পাভলোভিচ। ঠিক সেই মুহূর্তেই তাঁর চ্যালেঞ্জের মুখে পড়ে মাটিতে পড়েন আইভরি কোস্টের গোলকিপার। রেফারি ফাউল হিসেবে গণ্য করায় গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। জার্মান বক্সের ভেতর আমাদ দিয়ালোর নেওয়া জোরালো শট গোললাইন থেকে ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করেছিলেন জার্মান ডিফেন্ডাররা। জটলার ভেতর ফিরতি বল পেয়ে নিখুঁত শটে গোল করেন আল-আহলি মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।

এই গোলের মাধ্যমে আইভরি কোস্টের ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ডে নাম লেখান ২৯ বছর ৬ মাস বয়সী কেসি। বিশ্বমঞ্চে আইভরি কোস্টের হয়ে গোল করা দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় এখন তিনি। এই তালিকায় তাঁর ওপরে আছেন দলটির কিংবদন্তি আইকন দিদিয়ের দ্রগবা। ৩২ বছর ৩ মাস বয়সে গোল করেছিলেন তিনি।

ম্যাচের ৩৮ মিনিটে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। আঞ্জ-ইওয়ান বনির নেওয়া শট ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়্যার।

৪০ মিনিটে আবারও গোল বাতিলের হতাশায় পুড়তে হয় জার্মানিকে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জালে বল জড়ান কাই হাভার্টজ। তবে গোল হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে প্রতিপক্ষের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউল করে বসেন জামাল মুসিয়ালা। রেফারি ফাউলের বাঁশি বাজানোয় দ্বিতীয়বারের মতো গোলবঞ্চিত হতে হয় জার্মানিকে।

বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জার্মানি। তবে ফ্লোরিয়ান ভির্টৎসের নেওয়া দুর্বল শট সহজেই গ্লাভসবন্দি করেন আইভরি কোস্টের গোলকিপার। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ৬০ মিনিটে বদলি নামেন ডেনিজ উনদাভ। তাঁর নামার আট মিনিটের মাথায় সমতায় ফেরে জার্মানি। নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান উনদাভ।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই জার্মান সমর্থকদের উল্লাসে ভাসান উনদাভ। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস থেকে বল পেয়ে দারুণ শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ