• ঢাকা
  • |
Alifhostbd

আবারও উইম্বলডনের রাজা সিনার


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দারুণ লড়াইয়ে প্রথম সেট জিতলেন আলেকজান্ডার জভেরেভ। দ্বিতীয় সেটেও লড়াইটা জমিয়ে তুললেন বেশ। তবে ইয়ানিক সিনারের গতির কাছে এবার পরাস্ত হলেন। তৃতীয় ও চতুর্থ সেটে আর জভেরেভকে কোন সুযোগ দিলেন না সিনার। এক সেট হাতে রেখেই জিতে নিলেন টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা।

রোববার রাতে সেন্টার কোর্টে জভেরেভকে ৬-৭ (৭-৯), ৭-৬ (৭-২), ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন সিনার। এই জয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরলেন ২৪ বছর বয়সী এই তারকা। অল ইংল্যান্ড ক্লাবে ধরে রাখলেন নিজের রাজত্ব।

ম্যাচের শুরুতে দুই খেলোয়াড়ই নিজেদের সার্ভ ধরে রাখেন। ৬৫ মিনিটের প্রথম সেটে মাত্র একটি ব্রেক পয়েন্ট তৈরি হলেও সেটির সুযোগ কাজে লাগাতে পারেননি সিনার। পরে টাইব্রেকে জভেরেভ সেট জিতে নেন। দ্বিতীয় সেটেও জভেরেভের দাপট ছিল। তবে টাইব্রেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করেন তিনি, আর সেই সুযোগে সমতায় ফেরেন সিনার।

তৃতীয় সেটের ষষ্ঠ গেমে ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় আসে। ৩-৩ অবস্থায় ব্রেক পয়েন্ট আদায় করেছিলেন জভেরেভ। কিন্তু সিনারের ড্রপ শট ধরতে গিয়ে পিছলে পড়েন তিনি। খেলা চালিয়ে গেলেও পড়ে যাওয়ার পর জভেরেভের নড়াচড়ায় অস্বস্তি স্পষ্ট ছিল। এরপরই প্রথমবারের মতো তার সার্ভ ভেঙে সেট জিতে নেন সিনার।

চতুর্থ সেটেও জভেরেভ লড়াই চালিয়ে যান। তবে ৪-৩ ব্যবধানে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ব্রেক আদায় করেন সিনার। এরপর ২৩ শটের অবিশ্বাস্য এক র‍্যালি জিতে ম্যাচ পয়েন্ট অর্জন করেন। শেষ পর্যন্ত ৩ ঘণ্টা ৪৬ মিনিটের ম্যারাথন লড়াইয়ে জয় ছিনিয়ে নেন ইতালিয়ান তারকা।

এই জয়ের মাধ্যমে ১০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন সিনার। পাশাপাশি, ১৯৬৮ সালে ওপেন এরা শুরু হওয়ার পর মাত্র ১০ম পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডনের মুকুট ধরে রাখার অনন্য কীর্তি গড়লেন তিনি।

ট্রফি হাতে আবেগাপ্লুত সিনার বলেন, ‘সত্যি বলতে, টেনিস খেলার জন্য এর চেয়ে চমৎকার জায়গা আর হতে পারে না। ফাইনালের দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এক ধরনের উত্তেজনা কাজ করে। আপনি কখনোই জানবেন না কতবার এখানে ফিরে আসতে পারবেন, তাই আমি কোনো সুযোগকেই হালকাভাবে নিই না।’

চতুর্থবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরে গেলেও ২৯ বছর বয়সী জভেরেভ এই টুর্নামেন্ট থেকে ইতিবাচক অনেক কিছুই পাচ্ছেন। উইম্বলডনে এর আগে কখনো চতুর্থ রাউন্ড পার না হওয়া জভেরেভ এবার সরাসরি ফাইনাল খেললেন। সোমবারের নতুন র‍্যাঙ্কিংয়ে কার্লোস আলকারাজকে টপকে বিশ্ব টেনিসের দ্বিতীয় স্থানে উঠে আসবেন এই জার্মান তারকা।

পরাজয়ের পর জভেরেভ বলেন, ‘আমি ঠিক এই ঘরানার টেনিসই খেলতে চেয়েছিলাম। আশা করি, এটি যত বেশি ধরে রাখতে পারব, তত বেশি উন্নতি করতে পারব।‘

আলোচিত শীর্ষ ১০ সংবাদ