• ঢাকা
  • |
Alifhostbd

নরওয়ের রূপকথা থামিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। কিন্তু তাদের রূপকথার জয়যাত্রা শেষ হলো এখানেই, ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে স্টেল সোলবাকেনের দল। বিদায় নেওয়ার আগে এই রাউন্ডে তারা লড়াই করেছে, কিন্তু হার এড়াতে পারেনি। দারুণ জয়ে এক আসর পর আবারও সেমি-ফাইনালে জায়গা করে নিল থ্রি লায়ন্সরা।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে নরওয়েকে অতিরিক্ত সময়ে গিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ৩৪ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে আগে লিড নেয় নরওয়ে। বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধে আর কোনো দল পায়নি জালের দেখা। তবে অতিরিক্ত সময়ে গিয়ে সেই বেলিংহামের গোলেই জেতে টমাস টুখেলের দল।

জোড়া গোলের মাধ্যমে বেলিংহাম ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সাতটি গোল করলেন। এই প্রতিযোগিতায় ২৩ বছর বা তার কম বয়সীদের মধ্যে একমাত্র কিলিয়ান এমবাপেই (১২) তাঁর চেয়ে বেশি গোল করেছেন। এছাড়া বেলিংহাম এখন সাতটি গোল করে বিশ্বকাপে কিংবদন্তী পেলের সমান গোলদাতা হলেন।

এ নিয়ে চলতি বিশ্বকাপে বেলিংহামের গোলসংখ্যা দাঁড়ালো ছয়ে। যা তাঁর সতীর্থ হ্যারি কেইনের সমান। ৭ গোল করে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন আর্লিং হলান্ড। আর সমান ৮ গোল নিয়ে যুগ্মভাবে শীর্ষে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।

এদিন অতি সাবধানী শুরুর পর ম্যাচের ১৬তম মিনিটে প্রথমবার নরওয়ের বক্সে বল নিয়ে ঢুকে ইংল্যান্ড। বাম পাশ ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের রক্ষণ থেকে কেবল কর্নারই আদায় করেন অ্যান্থনি গর্ডন। ৪ মিনিট পর এলিয়ট অ্যান্ডারসনের ক্রসে বেলিংহাম হেড নিলে বল বেরিয়ে যায় ডান পাশের পোস্ট ঘেঁষে।

২২ মিনিটে ভালো সুযোগ তৈরি করে ইংল্যান্ড। বাম দিক দিয়ে বক্সে ঢুকে মাদুয়েকেকে উঁচু ক্রস দেন ও’রাইলি। কিন্তু দূরের পোস্টে থাকা মাদুয়েকে বাউন্সের জন্য বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। 

পরের মিনিটে গর্ডনের সঙ্গে ওয়ান-টু পাসের পর ও'রাইলি বক্সে ফাঁকা জায়গা পেয়ে উঁচু পাস বাড়ান দূরের প্রান্তে থাকা মাদুয়েকেকে। ইংলিশ উইঙ্গার ডেভিড মোলার উলফকে পেছনে ফেলে বাইলাইনে পৌঁছেও যান, কিন্তু নিজে শট না নিয়ে ৬ গজের মধ্যে নিচু ক্রস দেন ও’রাইলিকে। ম্যানসিটির এই তারকা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলায় সুযোগ হাতছাড়া হয়।

এ সময় ইংল্যান্ড প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়। তবে ৩৩ মিনিটে গোলের সুযোগ মিস করে নরওয়ে। দুই মিনিট পর হলান্ডের হেডে সহজেই বল গ্লাভসবন্দি করেন ইংল্যান্ড গোলকিপার। কিন্তু পরের মিনিটে আর রক্ষা হয়নি। বা দিকে বক্সের উপরের কোনা থেকে দূরপাল্লার শটে টপ কর্নার দিয়ে আচমকাই জালে বল জড়ান নরওয়ের মিডফিল্ডার শেলদেরুপ।

এবারের আসরে ইংল্যান্ড এখন পর্যন্ত নিজেদের প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে চারবার গোল হজম করেছে, যা ২০২৬ বিশ্বকাপে অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

এই অর্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে ১-১ সমতায় ফেরান জুড বেলিংহাম। বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে গর্ডন পাস দেন বেলিংহামকে। বল পেয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান ইংলিশ ফরোয়ার্ড। 

খানিক পর জালে বল ঠেলে দেন হ্যারি কেইন। কিন্তু অফসাইডে গোল মেলেনি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর হলান্ডের হেড ডান দিকে ঝাঁপিয়ে কর্নার করে দেন পিকফোর্ড। ৫৫ মিনিটে ফের শেলদেরুপের গোলে ম্যাচে এগিয়ে যাওয়ার আনন্দে মেতে ওঠে নরওয়ের সমর্থকেরা। কিন্তু ভিএআরএ রিভিউয়ে দেখা যায় গোলের আগে বক্সে অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে ফেলে দেন হলান্ড, ফাউল ধরায় গোল বাতিল হয় নরওয়ের। যেন হাফ ছেড়ে বাঁচে ইংল্যান্ড। 

৭৬ মিনিটে জয়সূচক গোলের খুব কাছাকাছি গিয়েছিল নরওয়ে। বার্গের কর্নার কিক পিকফোর্ড ফিস্ট করে প্রায় ক্লিয়ার করে দেন, কিন্তু ফ্রেডরিক অউরেস্নেস ফের উচু করে বল বাড়ান বক্সে, গোলমুখের সামনে হেড নেন ক্রিস্টোফার ভাসবাক আয়ের। কিন্তু নরওয়ে ডিফেন্ডারের হেডটি ক্রসবারের ওপরের অংশে লেগে ফিরে আসে। 

দুই মিনিট পর আক্ষেপ বাড়িয়ে সাকার শট চলে যায় দূরের পোস্টের বাইরে দিয়ে। ৮৭ মিনিটে গোলমুখের সামনে দারুণ ক্রস দেন সাকা। তবে নরওয়ের ডিফেন্ডার আয়ের বলটি উড়িয়ে মেরে ক্লিয়ার করে দেন। শেষ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৩ মিনিটেই দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেলিংহাম। প্রায় ২৫ গজ দূর থেকে গোলে দূরপাল্লার বাকানো শট নেন মর্গান রজার্স, নরওয়ে গোলকিপার অরিয়ান হাস্কিয়োল্ড নাইল্যান্ড ঝাঁপিয়ে রুখেও দেন, কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় দৌরে এসে রিবাউন্ড থেকে জালে বল জড়ান রিয়াল মাদ্রিদ তারকা।

৯৯ মিনিটে বক্সে এবেরেচি এজেকে ফাউল করায় পেনাল্টি হজম করে নরওয়ে। যদিও ভিএআর রিভিউয়ে পরে সেটি বাতিল করলে লাইফলাইন পায় নরওয়ে। ১০৯ মিনিটে জোড়া সেভ করে নরওয়ের আশা বাঁচিয়ে রাখেন দলটির গোলকিপার। কিন্তু তাঁর দল আর পারেনি ম্যাচে ফিরতে। শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় মেনেই বিশ্বকাপ অভিযান শেষ করে নরওয়ে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ