বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রবেশ ও প্রথম দিনের দায়িত্ব পালনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার।
বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরবর্তীতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কর্মদিবস। বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু হলো।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :