হামের প্রকোপ বৃদ্ধি: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হলো।
এতে আরও বলা হয়েছে, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই ছুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ তার আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।
এদিকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৭৫ রোগী। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৯ জন। আর মৃত্যু হয়েছে ১ শিশুর।
কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির একমাত্র সন্তান আফরান। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল আট মাস বয়সী শিশুটি। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে, শিশু ইউনিট-২ এর হাম ওয়ার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক শিশুর। চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শিশু মাসুদাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। তবে ওয়ার্ডে পৌঁছানোর আগেই মারা যায় শিশুটি।
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাসের শিশু সাফার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে হামের হট স্পট হয়ে উঠেছে গোপালগঞ্জ। এরই মধ্যে ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৩ জন।
আপনার মতামত লিখুন :