• ঢাকা
  • |
Alifhostbd

আরেকটি বিশ্বকাপ ফাইনাল, আবেগে ভাসলেন মেসি


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

গোল হজম করে পিছিয়ে পড়লেও নাটকীয়ভাবে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের পর আবেগ লুকাননি অধিনায়ক লিওনেল মেসি। 

তার ভাষায়, এই জয় ‘শুধু আরেকটি জয় নয়’, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো আর্জেন্টিনা জাতির অনুভূতি।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করেন মেসি। 

“পুরো অভিজ্ঞতাই ছিল অবিশ্বাস্য। মাঠে নামার মুহূর্ত থেকে জাতীয় সংগীতের সময় পর্যন্ত বিশেষ এক অনুভূতি কাজ করছিল। আমরা জানতাম, এটা সাধারণ কোনো ম্যাচ নয়। আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ করে আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি।”

টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাকে ‘অবিশ্বাস্য’ বলেই উল্লেখ করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“এটা সত্যিই অবিশ্বাস্য। এই দলটি অসাধারণ। আজও আমরা হাল ছাড়িনি। পিছিয়ে পড়ার পরও নিজেদের খেলাটা খেলেছি, বিশ্বাস হারাইনি। প্রতিপক্ষকে তাদের অর্ধেই আটকে রেখেছিলাম। এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।”

দলের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন মেসি। তার মতে, বিশ্বকাপ শুরুর আগেই এই দলের ওপর তাঁর পূর্ণ আস্থা ছিল।

“বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিশ্বাস ছিল, আমরা শেষ পর্যন্ত লড়ব। এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে। সব মিলিয়ে টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলছি। এটা সত্যিই অবিশ্বাস্য।”

দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে অনেকের সংশয় ছিল বলেও উল্লেখ করেন মেসি। তবে তার বিশ্বাস, একসঙ্গে খেলতে নামলে এই দল সব সময়ই নিজেদের সেরাটা বের করে আনতে পারে।

“অনেকেই সন্দেহ করেছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু এই দল একসঙ্গে থাকলে বাড়তি শক্তি পায়। একজন আরেকজনকে অনুপ্রাণিত করে। তখন নিজেদের সামর্থ্যেরও বাইরে গিয়ে খেলতে পারে।”

দেশের সমর্থকদের উদ্দেশে মেসির বার্তাও ছিল আবেগঘন। ২০২২ কাতার বিশ্বকাপের মতো এবারও তিনি সবাইকে মুহূর্তটি উপভোগ করার আহ্বান জানান।

“আমাদের মতো আপনারাও এই মুহূর্তটা উপভোগ করুন। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে, আবার বিশ্বের সেরা দুই দলের একটি। চার বছর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কাটিয়েছি, এখন আবারও শিরোপার লড়াইয়ে। শেষ ধাপে পৌঁছাতে পেরেছি, এটাই আমরা সবাই চেয়েছিলাম। বাকিটা ঈশ্বরের ইচ্ছা।”

ফাইনালে প্রতিপক্ষ স্পেনকে নিয়েও শ্রদ্ধার সঙ্গে কথা বলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী। তার মতে, স্পেন দুর্দান্ত একটি দল এবং ফাইনাল হবে সমানে সমান লড়াই।

“স্পেন অসাধারণ একটি দল। তাদের খেলার নিজস্ব দর্শন বহু বছরের। বেশ কয়েকজন খেলোয়াড়কে আমি ভালোভাবেই চিনি, তাদের বিপক্ষে খেলেছি। অনেকে বার্সেলোনায় খেলে, যে ক্লাবকে আমি সব সময় ভালোবাসি। বিশ্বকাপের ফাইনাল সব সময়ই বিশেষ ম্যাচ। আমার বিশ্বাস, এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াই হবে।”

আলোচিত শীর্ষ ১০ সংবাদ