• ঢাকা
  • |
Alifhostbd

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশজুড়ে আষাঢ়ের ঝুম বৃষ্টিতে তাপমাত্রার দাপট কমে সর্বত্রই হিম-শীতল আবহাওয়া বিরাজ করছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় শনিবার (২৫ জুলাই) দেশের ৭ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির পাশাপাশি আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই অবস্থায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী রোববার ও সোমবার (২৬-২৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এরমধ্যে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আগামী মঙ্গল ও বুধবার (২৮-২৯ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এরমধ্যে মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে যশোরে ৭১ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ৫৭, খুলনায় ৫৬, চুয়াডাঙ্গা ও টেকনাফে ৩৮, বরিশাল ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৫, গোপালগঞ্জে ৩৩, ঢাকায় ২১ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ