ইতালির দায়িত্বে বিশ্বকাপজয়ী পিরলো
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আন্দ্রেয়া পিরলো। সাবেক কিংবদন্তি এই মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তির সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। শুক্রবার ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকা ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
২০০৬ বিশ্বকাপজয়ী ইতালির অন্যতম সেরা মিডফিল্ডার পিরলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইউনাইটেডের দায়িত্বে রয়েছেন। ২০২০-২১ মৌসুমে জুভেন্তাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তুরিনের ক্লাবটিকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতিয়েছিলেন পিরলো।
এর আগে ইতালির দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সাবেক ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। তার প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরেই পিরলোর সঙ্গে এই সমঝোতার খবর এল। এছাড়া ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।
গত এপ্রিলে জেনারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকেই নতুন কোচ খুঁজছিল ইতালি। ২০১৮, ২০২২ ও ২০২৬ টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম বড় সংকটের মুখে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৮ সালের আগে ইতালি সবশেষ বিশ্বকাপ মিস করেছিল ১৯৫৮ সালে। পিরলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জাতীয় দলকে আবারও ইউরোপ ও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনা।
খেলোয়াড়ি জীবন শেষে ২০১৭ সালে কোচিংয়ে নামা পিরলোর এটি হবে পঞ্চম দায়িত্ব। দুবাই ইউনাইটেডের আগে তিনি জুভেন্তাস অনূর্ধ্ব-২৩ দল এবং মূল দলের পাশাপাশি তুরস্কের ফাতিহ কারাগুমরুক ও সাম্পদোরিয়ার কোচ হিসেবেও কাজ করেছেন।
সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইতালির দায়িত্বে থাকবেন পিরলো। তার প্রথম বড় লক্ষ্য হবে দলকে ইউরো ২০২৮-এর মূল পর্বে পৌঁছে দেওয়া।
আপনার মতামত লিখুন :