বিশ্বকাপের ক্ষত ভুলতে পারছেন না এমবাপে
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে পা রেখেছিল ফ্রান্স। তবে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ যাত্রা। মেগা এই ইভেন্ট শেষ হওয়ার ৮ দিন পর সমর্থকদের উদ্দেশে একটি আবেঘন খোলা চিঠি প্রকাশ করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ, গোল্ডেন বুট জয়ের অনুভূতি, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে আশার বার্তা—সবকিছুই উঠে এসেছে এমবাপের সেই চিঠিতে।
চিঠির শুরুতেই বিশ্বকাপের হতাশার কথা উল্লেখ করে এমবাপে লেখেন, ‘আমরা দলের জন্য কোনো ট্রফি ঘরে নিয়ে আসতে পারিনি। এটা কষ্টের, এবং কিছুদিন এই কষ্টটা থাকবেই; এ নিয়ে আমি আপনাদের কাছে মিথ্যে বলব না।’
২০২৬ বিশ্বকাপে ১০ গোল আর ৪ অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতা এমবাপে। গোল্ডেন বুট জিতলেও সেটিকে পূর্ণতা দিতে পারেননি বলে আক্ষেপ করেন ফ্রান্সের অধিনায়ক, ‘শীর্ষ গোলদাতার পুরস্কার পেয়ে আমি গর্বিত। কিন্তু ট্রফিটাও যদি আমাদের হতো, তাহলে অনুভূতিটা আরও সুন্দর হতো। হয়তো আমরা আপনাদের আরও সুন্দর একটি সমাপ্তি উপহার দিতে পারিনি। তবে গল্পের শেষটা আমরা সবসময় বেছে নিতে পারি না, কিন্তু কতটা উজাড় করে দেব, সেটা আমাদের হাতেই থাকে। আর আমরা সর্বস্ব দিয়েছি।’
এই অর্জনের কৃতিত্ব একা নিজের নয় বলেও স্পষ্ট করেন ফরাসি তারকা। সতীর্থদের উদ্দেশে এমবাপে লেখেন, ‘তাদের পরিশ্রম, দৌড়, পাস আর দলীয় চেতনা ছাড়া আমি এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার পুরো দলের।’
শৈশবের স্বপ্ন পূরণের কথাও স্মরণ করেন এমবাপে, ‘ছোটবেলায় অন্তত একবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতাম। এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছি, একটি জিতেছি এবং এবার অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান পেয়েছি। এই স্মৃতি কখনো ভুলব না।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমবাপে লেখেন, ‘আপনারা গভীর রাত পর্যন্ত জেগে আমাদের খেলা দেখেছেন। বাড়িতে, রেস্তোরাঁয়, বন্ধু বা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে আমাদের সমর্থন করেছেন। সবচেয়ে কঠিন সময়েও আমাদের ছেড়ে যাননি। এই গল্প শুধু মাঠের ১১ জনের নয়, লাখো সমর্থকের হাত ধরেই লেখা হয়েছে।’
ফ্রান্সের বিদায়ী প্রধান কোচ দিদিয়ের দেশঁম এবং দলের নেপথ্যের কর্মীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান এমবাপে, ‘দেশঁমকে যা বলার আমি তা আগেই বলে দিয়েছি, সে তা জানে। তাকে এবং তার পুরো টিমকে ধন্যবাদ: ফিজিওথেরাপিস্ট, রাঁধুনি, ট্রেইনার, ড্রাইভার এবং পর্দার আড়ালে থাকা সেই সমস্ত মানুষকে, যাদের কেউ দেখে না, অথচ তাদের ছাড়া এসব সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ।’
চিঠির শেষভাগে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, ‘ফুটবল মূলত একটা খেলা। এমন একটা খেলা যাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই, যা আয়ত্ত করার জন্য আমরা আমাদের পুরো জীবন পরিশ্রম করি—তবুও এটি শেষ পর্যন্ত একটি খেলাই। আর ঠিক এই কারণেই এটি একই আবেগ দিয়ে আমাদের সবাইকে একত্রিত করে।’
সবশেষে সমর্থকদের উদ্দেশে প্রতিশ্রুতির সুরে এমবাপে বলেন, ‘এই বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু আমাদের গল্প শেষ হয়নি। সামনে আরও ম্যাচ আসবে, আরও অনেক রাত আমরা একই আবেগ নিয়ে একসঙ্গে কাটাব। আমরা এখনো একসঙ্গে পথচলা শেষ করিনি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
আপনার মতামত লিখুন :