• ঢাকা
  • |
Alifhostbd

‘গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর’


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বাংলাদেশের গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৯ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে টিম-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন।

তিনি জানান, জ্বালানি ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের যে গ্যাপ আছে, সেটি নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। মালয়েশিয়া থেকে আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে। তাদের অভিজ্ঞতা, রিসোর্স দিয়ে কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ে ক্ষতিগ্রস্ত এফএসআরইউটি প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করত। কারিগরি ত্রুটির কারণে সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ লাইন ও জনদুর্ভোগ তৈরি হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, দেশি বিশেষজ্ঞরা এফএসআরইউ-এর ত্রুটি সমাধানে প্রাণান্তকর চেষ্টা করছেন। আশা করছি, আগামী সপ্তাহের প্রথমে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে এবং পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ ফাংশনাল হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে সরকার বিকল্প জ্বালানি উৎস ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক হয়েছে।

সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সার্বক্ষণিক কাজ করছে। এফএসআরইউর কারিগরি সমস্যা সমাধান হলেই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ