• ঢাকা
  • |
Alifhostbd

এসি মিলানকে হারাল নাপোলি, চ্যাম্পিয়নস লিগ দৌড়ে জুভেন্তাস


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইতালিয়ান সিরি আ’তে সোমবার রাতে এসি মিলানকে হারিয়ে শিরোপা রেসে টিকে থাকল বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। রাতের অপর ম্যাচে ঘরের মাঠে জেনোয়াকে হারিয়ে শীর্ষ চারের লড়াই জমিয়ে তুলেছে জুভেন্তাস।

স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনায় এসি মিলানের বিপক্ষে নাপোলির জয় ১-০ গোলে। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা ইন্তার মিলানের সঙ্গে নাপোলির ব্যবধান এখন ৭ পয়েন্ট।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে খেললেও প্রথমার্ধে গোল করতে পারেনি কেউই। বিরতির পর মাত্তেও পলিতানো ও অ্যালিসন সান্তোসকে মাঠে নামান কোচ অ্যান্তোনিও কন্তে।

৭৯ মিনিটে সান্তোসের পাস থেকে ম্যাথিয়াস অলিভেরা ক্রস করলে লক্ষ্যভেদ করেন পলিতানো। বাকি সময় এক গোলের লিড ধরে রাখে নাপোলি। কন্তের অধীনে চলতি মৌসুমে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচ জিতলো নাপোলি।

৩১ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নাপোলি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ইন্তার মিলান। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এসি মিলান।

জেনোয়াকে হারিয়ে চারের দৌড়ে জুভেন্তাস
রাতের অপর ম্যাচে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। এই জয়ের ফলে ৪ নম্বরে থাকা কোমোর চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগ পজিশনের আরও কাছাকাছি পৌঁছে গেছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

ম্যাচের চতুর্থ মিনিটে লয়েড কেলির অ্যাসিস্ট জুভেন্তাসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্লেইসন ব্রেমার। ১৭ মিনিটে প্রতি আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি।

বিরতির পর জেনোয়া পেনাল্টি পেলেও জুভেন্তাসের বদলি গোলকিপার মিশেল ডি গ্রেগোরিও সেটি রুখে দিয়ে ক্লিন শিট বজায় রাখেন। 

৩১ ম্যাচ শেষে পাঁচ নম্বরে থাকা জুভেন্তাসের সংগ্রহ ৫৭ পয়েন্ট।  সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে কোমো।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ