• ঢাকা
  • |
Alifhostbd

বার্সেলোনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকোর জয়


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বুধবার (৮ এপ্রিল) রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগে দাপুটে শুরু করলেও শেষ পর্যন্ত হান্সি ফ্লিকের বার্সেলোনাকে ২-০ ব্যবধানে হারতে হয়েছে। হুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সরলথের গোলে জয় পেয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেছে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগ শেষে মনে হচ্ছে, আগের দুবারের দেখায় যা ঘটেছিল এবারও সেই ফলেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।
ম্যাচের শুরু থেকে বার্সা ছন্দে থাকলেও প্রথমার্ধের শেষ দিকে এসে চিত্রনাট্য পুরোপুরি পালটে যায়। বল নিয়ে বার্সার ডি-বক্সে ঢোকার সময় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে পেছন থেকে ফাউল করে বসেন ১৯ বছর বয়সী তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সার এই সর্বনাশই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে চমৎকার এক গোলে আতলেতিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। এই লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।

পুরো ম্যাচে বার্সেলোনার আক্রমণের প্রধান ভরসা ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ড। বাম প্রান্ত দিয়ে তিনি বারবার আতলেতিকো রক্ষণে ভীতি ছড়িয়েছেন। প্রথমার্ধে তিনি একবার বল জালে পাঠালেও, আক্রমণ তৈরির সময় লামিনে ইয়ামাল অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়। অন্যদিকে, বার্সার কিশোর-তারকা ইয়ামালকে বোতলবন্দী করতে তিন ডিফেন্ডারকে কাজে লাগিয়েছিলেন সিমিওনে। কড়া পাহারার মাঝেও ইয়ামাল কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু আতলেতিকোর গোলরক্ষক মুসো দেয়াল হয়ে দাঁড়ানোয় গোল আদায় করা সম্ভব হয়নি।

দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডফস্কি ও পেদ্রিকে তুলে নিয়ে গাভি এবং ফেরমিন লোপেজকে মাঠে নামান বার্সা কোচ। একজন খেলোয়াড় কম নিয়ে লড়াই চালিয়ে গেলেও কাতালানরা ভাগ্যের সহায়তা পায়নি। উল্টো সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। গ্রিজমান ও রুগেরির দারুণ বোঝাপড়ায় আসা ক্রসে বার্সার ডিফেন্ডার জেরার্দ মার্তিনকে শারীরিক শক্তিতে পরাস্ত করে গোলটি করেন সরলথ। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বার্সেলোনা।

গত মার্চ মাসে এই বার্সাকে হারিয়েই কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আতলেতিকো। তবে চলতি সপ্তাহেই লা লিগার দেখায় আবার বার্সা জয় পেয়েছিল। দুই সপ্তাহের ব্যবধানে তিনবার মুখোমুখি হওয়ার এই লড়াইয়ে আপাতত সিমিওনের দলই এগিয়ে রইল। ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতা বার্সেলোনা গত আসরে সেমিফাইনাল খেললেও, এবার কোয়ার্টার ফাইনালেই তাদের বিদায়ঘণ্টা বাজার শঙ্কা তৈরি হয়েছে। আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ওই ম্যাচে বার্সাকে ২ গোলের এই কঠিন ঘাটতি মেটাতে হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ