• ঢাকা
  • |
Alifhostbd

মেসি জাদুতে ইতিহাস বদলে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইতিহাস বদলানোর রাত, আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনা ভেঙে দিল বহুদিনের এক অপূর্ণতা। ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে সেই অভিশাপ ঘুচিয়ে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপ যাত্রা শুরু করল আর্জেন্টিনা।

যেখানে শেষটা হয়েছিল এবার তারচেয়েও একধাপ এগিয়ে শুরু করলেন লিওনেল মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের দেখা পাওয়া আর্জেন্টাইন জাদুকর ২০২৬ সালে আলবিসেলেস্তাদের সোনালি ট্রফির মিশনে করলেন হ্যাটট্রিক।  এমএলটেনের ম্যাজিকে ৩-০ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটি তিনটি গোলই করেছেন মেসি। এই হ্যাটট্রিক করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫) ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল। এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আলজেরিয়ার পর অপেক্ষায় আছে অস্ট্রিয়া ও জর্ডান। ফল যা-ই হোক, এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এখন স্মৃতির অংশ। মেসির প্রতিটি স্পর্শ, পাস, গোল উদযাপন- সবকিছুই যেন একেকটি বিদায়ের ফ্রেম।

আর্জেন্টিনা মাঠে নামার সাথে সাথে ফুটবলের এক সোনালি অধ্যায়েরও যেন শেষ যাত্রা। বিশ্বকাপ শেষে হয়তো মেসির পাশে থাকবে সোনালী ট্রফি, হয়তো থাকবে না। কিন্তু আসর শেষে যখন তিনি বিদায় বলবেন, তখন শুধু আর্জেন্টিনা নয়, কাঁদবে পুরো ফুটবল বিশ্ব।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি এখন একজন কিংবদন্তির শেষ বিশ্বকাপের প্রথম পৃষ্ঠা। কোটি ভক্ত অপেক্ষায়, মেসির বিদায়টা যেন হয় আরেকটি রূপকথা দিয়ে। কারণ, সামনে আরও বিশ্বকাপ হবে। নতুন অনেক তারকাও আসবেন। কিন্তু মেসির মতো কেউ আর কখনও ফিরবেন না।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ