স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের রূপকথা অব্যাহত। নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি স্পেনকে রুখে দেওয়ার পর, এবার উরুগুয়ের বিপক্ষেও ড্র ছিনিয়ে নিল আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্রটি।
মায়ামি স্টেডিয়ামে সোমবার ভোরে 'এইচ' গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। উরুগুয়ের হয়ে মাক্সিমিলিয়ানো আরাউহো ও আগুস্তিন কানোবিও একটি করে গোল করেন, আর কেপ ভার্দেকে উল্লাসে ভাসান কেভিন পিনা ও হেলিও ভারেলা।
এই ড্রয়ে রাউন্ড অব ৩২-এর আশা বেঁচে রইল কেপ ভার্দের। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। এক জয় আর এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। দুই ম্যাচে ১ ড্রয়ে সৌদি আরবের অবস্থান টেবিলের চতুর্থ স্থানে।
ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে উরুগুয়ে। পুরো ম্যাচে তারা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে। বিপরীতে, কেপ ভার্দের নেওয়া ১২টি শটের মধ্যে মাত্র ৪টি শট লক্ষ্যে ছিল।
ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার হাত ধরে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলটি পায় কেপ ভার্দে। ২৫ গজ দূর থেকে এই মিডফিল্ডারের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক জালে জড়ালে উল্লাসে মাতে পুরো স্টেডিয়াম।
৪৪ মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। বল ক্লিয়ার করার জন্য লাফিয়ে উঠেছিলেন কেপ ভার্দের সিডনি লোপেস ক্যাব্রাল। তাঁর হেডটি গিয়ে লাগে নিজেদেরই গোলপোস্টে। সেখান থেকে ফিরে আসা বল আরাউহো ডাইভ দিয়ে হেডের সাহায্যে বল জালে জড়ান। চলতি টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় গোল।
প্রথমার্ধের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে (৪৫+৬ মিনিটে) ও আগুস্তিন কানোবিওর গোলে ২-১ ব্যবধানে লিড নেয় উরুগুয়ে। আরাউহোর হেড থেকে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে পরাস্ত করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের ৬১ মিনিটে হেলিও ভারেলার গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে কেপ ভার্দে। বদলি হিসেবে মাঠে নামার পরপরই উরুগুয়ের ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা ও গোলকিপার ফের্নান্দো মুসলেরার মারাত্মক ভুল বোঝাবুঝির সুযোগ নেন তিনি।
৬৩ মিনিটে লিড নেওয়ার আরও একটি সুযোগ হাতছাড়া করে কেপ ভার্দে। জামিরো মন্তেইরোর দূরপাল্লার জোরালো শট উরুগুয়ের গোলপোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।
ম্যাচের ৬৮ মিনিটে উরুগুয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। কর্নার থেকে তৈরি হওয়া জটলায় আরাউহো বল জালে পাঠালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি চূড়ান্তভাবে বাতিল করা হয়।
শেষদিকে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও জালের দেখা পায়নি কেউই।
নিজেদের শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। একই সময়ে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে।
আপনার মতামত লিখুন :