• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

চারদিনের সফরে ভারতে মার্কো রুবিও


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

অবশেষে চারদিনের সফরে ভারতে পৌঁছালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (শনিবার, ২৩ মে) সকালে স্ত্রীসহ কলকাতায় পৌঁছান তিনি।

জানা গেছে, সেখান থেকে রুবিও কলকাতার ‘মিশনারিজ অফ চ্যারিটি’ বা মাদার তেরেসা হাউসে যাবেন। সেখানে বেশ কিছুটা সময় কাটাবেন তিনি।

এরপর শিশু-কিশোরদের নিয়ে কাজ করা এনজিওতে যাবেন এবং সেখানে কিছুক্ষণ থেকে আজই দিল্লীর উদ্দেশে রওনা দিবেন।

২৩ মে থেকে ২৬ মে ভারত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চারদিনের এই সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবেই সফরের শুরুটা করেছেন কলকাতা থেকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই আগমনের মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর ফের কোনো হাই-প্রোফাইল মার্কিন বিদেশ সচিবের পা পড়ল তিলোত্তমায়। শেষবার ২০১২ সালের নভেম্বর মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতায় এসেছিলেন। দীর্ঘ বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

রুবিওর এবারই প্রথম ভারত সফর। এই সফরের শেষ দিনে, অর্থাৎ ২৬ মে নয়াদিল্লিতে বসছে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক। ভারত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু। এছাড়া কোয়াডের হাই-ভোল্টেজ বৈঠকটির সভাপতিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

কলকাতা ও দিল্লির পর রুবিও যাবেন উত্তরপ্রদেশের আগ্রা, রাজস্থানের জয়পুরেও। এই সফর চলাকালীন ভারতের উচ্চপদস্থ সরকারি আধিকারিক ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মূলত জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি।

এর আগে শুক্রবার (২২ মে) সুইডেনে আয়োজিত ‘ন্যাটো’ সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন রুবিও। সেখান থেকেই সরাসরি ২৩ মে তিনি ভারতের উদ্দেশে রওনা দেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ