আর্জেন্টিনার সব ম্যাচ খেলবেন মেসি
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়ে যাওয়ায় তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা আর ঘনীভূত হয়নি। প্রথম পরীক্ষায় জানা গেছে, কোনো ইনজুরিতে পড়েননি লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচ খেলা নিয়ে সংশয় নেই তার।
২০২৬ বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলার জন্য সোমবার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। এদিন দল জিতলেও ৭৩ মিনিটের সময় বাম ঊরুর অস্বস্তিতে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচ শেষে কোচ জানান, তেমন বড় কিছু হয়নি মেসির। তবু মেডিকেল রিপোর্টের অপেক্ষা করবেন তারা। পরে পরীক্ষানিরীক্ষা শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তেসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কোনো চোটে পড়েননি মেসি।
এক বিবৃতিতে মিয়ামির পক্ষ থেকেও জানানো হয়েছে একই খবর।
"ডাক্তারি পরীক্ষার পর প্রাথমিকভাবে জানা গেছে, তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে অবসন্নতা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যকলাপে ফিরবেন তা তার শারীরিক ও কার্যক্ষমতার উন্নতির ওপর নির্ভর করবে।"
আপাতত আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শুরু থেকে তো বটেই, এর আগে দুটি প্রীতি ম্যাচে খেলতেও বাধা নেই মেসির। এখনও অবশ্য বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্টিনা। আগামী ৩০ জুন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে ১৭ দিন। আর আর্জেন্টিনার প্রথম ম্যাচের বাকি আছে ২২ দিন। তাই মেসির মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়া সাজানোর জন্য কিছুটা সময় পাবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।
আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা। এর আগে ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
আপনার মতামত লিখুন :