নেদারল্যান্ডসের কাছেও হারল বাংলাদেশ
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
প্রথম ম্যাচের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুর্দান্ত এক ফিফটিতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেন। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আবারও হার নিয়েই মাঠ ছাড়তে হলো। ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর নেদারল্যান্ডসের কাছেও হার মানল বাংলাদেশ।
এডিনবার্গে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা নেদারল্যান্ডস ৫ উইকেটে করে ১৬২। এরপর রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকা বাংলাদেশের আশা হয়েছিল জ্যোতি। তবে তাঁর ৫১ বলে ৭৭ রানের ইনিংস বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি।
শেষ ওভারে জয় নিশ্চিত করতে লাগত ১৮ রান। তবে ২০তম ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ করে ৯ রান, তাতে ৮ উইকেটে ১৫৪ রানেই থামে সফরকারীদের ইনিংস।
এই হারে ত্রিদেশীয় সিরিজে ট্রফি জেতার সম্ভাবনা প্রায় শেষ হলে গেল বাংলাদেশের। শিরোপা জিততে পরের দুই ম্যাচ জয়ের সঙ্গে বাকি দুই দলের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে জ্যোতিদের। মঙ্গলবার একই ভেন্যুতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
টসে জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ প্রথম উইকেট পায় নবম ওভারে। নেদারল্যান্ডসের রান যখন ৫৭, রাবেয়া খাতুনের বলে দিলারা আক্তারকে ক্যাচ দিয়ে ফেরেন দলটি ওপেনার ফেবি মলকেনবোয়ের। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটিতে বড় রানের ভিত পেয়ে যায় নেদারল্যান্ডস। হ্যাথার সিজার্স ও স্টেরি ক্যালিস ৪৪ বলে ৫৮ রান যোগ করেন। ফিফটি করা সিজার্সকে আউট করে জুটি ভাঙেন ফারিহা তৃষ্ণা। ১৬ ওভার শেষে ১১৬ রানে তৃতীয় উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর বাকি চার ওভারে ঝড় তুলে ৪৬ রান যোগ করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় ডাচরা। বাংলাদেশের হয়ে তৃষ্ণা নেন দুটি উইকেট।
রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১০ রানে দিলারা আক্তার ফেরার পর ৩ রান যোগ হতে সাজঘরের পথ ধরেন শারমিন আক্তার। থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন জুয়াইরিয়া ফেরদৌস। তাঁর ব্যাট থেকে আসে ২৪ বলে ২২।
এরপর চারে নেমে প্রতিরোধ গড়েন নিগার সুলতানা। দারুণ ব্যাটিংয়ে স্বর্ণা আক্তারকে নিয়ে গড়েন ৪৬ রানের জুটি। ১৬.২ ওভারে স্বর্ণা আক্তার যখন আউট হন, জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৪৩ রান। একপ্রান্ত আগলে রাখা জ্যোতি চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত বল আর রানের ব্যবধান কমাতে পারেনি।
বল হাতে নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে সফল ব্যাট হাতে ফিফটি করা সিজার্স। ৪ ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট শিকার এই পেসারের। ৪ ওভারে ২৪ রান খরচ করে দুটি নিয়েছেন সিলভার সিজার্স।
আপনার মতামত লিখুন :